সিলেট জেলা প্রতিনিধি: সিলেট মহানগরীতে ডিবি সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এই মোবাইল ফোনগুলো মালিকদের কাছে তুলে দেওয়ার সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ ডায়েরি (জিডি) করা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২০ দিনে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২২ ফেব্রুয়ারি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী মোবাইল ফোন উদ্ধারের জন্য একটি বিশেষ টিম গঠন করেন এবং প্রতি মাসে ১০০টি মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্য নির্ধারণ করেন।
কমিশনারের তত্ত্বাবধানে টিমের সদস্যরা সিলেট মহানগরের ছয়টি থানায় দায়ের করা ৩৯৬টি জিডি পর্যালোচনা করে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন। এর মধ্যে ৫০টি ফোন বৃহস্পতিবার মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বাকি ২০টি ফোন ইতোমধ্যে মালিকরা নিজ উদ্যোগে সংগ্রহ করেছেন।
হারানো মোবাইল ফিরে পাওয়ায় মালিকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে এবং হারানো ফোন দ্রুততম সময়ের মধ্যে মালিকদের কাছে ফেরত দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সাধারণ নাগরিকদের মোবাইল ব্যবহারে সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা নগরবাসীর জান-মালের নিরাপত্তা ও সাইবার অপরাধ দমন বিষয়ে সবসময় সচেষ্ট রয়েছে।





