গ্রাম থেকে গ্রামে ঘুরে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন তাহসিনা রুশদীর। কখনো গাড়িতে, কখনো হেঁটে, আবার কখনো রিকশায়—এভাবেই দোয়ার পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন তিনি। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এভাবেই সময় কাটছে বলে জানান তিনি। জেলার ছয়টি আসনের ৩৩ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী তাহসিনা রুশদীর।

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেও আইনি জটিলতায় তখন প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি।

স্থানীয় বিএনপির তথ্য অনুযায়ী, তাহসিনা রুশদীর এ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এরপর থেকেই নির্বাচনী এলাকায় রাজনীতিতে সক্রিয় হন তাহসিনা রুশদীর। পরবর্তী সময়ে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পান। গত ১৩ বছর ধরে তিনি এ আসনে রাজনৈতিকভাবে তৎপর।

নির্বাচনী প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করে তাহসিনা রুশদীর বলেন, মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ। প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং এখন পর্যন্ত নির্বাচনী এলাকার ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের সঙ্গে সরাসরি দেখা হয়েছে বলে জানান তিনি।

তার মতে, দীর্ঘদিন সুষ্ঠু ভোট না হওয়ায় অনেক ভোটারের মধ্যে আগ্রহ কমে গেছে। তাই ভোটার উপস্থিতি বাড়াতে বিশেষভাবে কাজ করছেন তিনি।

স্থানীয় ভোটাররা জানান, ইলিয়াস আলী সিলেট-২ আসনে টানা তিনবার নির্বাচন করেছিলেন এবং দুবার জয়ী হন। জাতীয় পর্যায়ে পরিচিত নেতা হওয়ায় এলাকাটি ‘ইলিয়াস আলীর আসন’ হিসেবেই পরিচিত। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় ভোটারদের মধ্যে পরিবারের প্রতি আলাদা সহমর্মিতা রয়েছে।

সাম্প্রতিক কয়েকটি পথসভায় তাহসিনা রুশদীর স্বামীর প্রসঙ্গ টেনে বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর পরিবার ভেঙে পড়েছিল, তখন এলাকার মানুষ পাশে ছিলেন। আবেগঘন কণ্ঠে তিনি প্রতিশ্রুতি দেন, কখনোই ভোটারদের ছেড়ে যাবেন না।

তাঁর অনুসারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই ছেলে আবরার ইলিয়াস ও লাবিব শারর ইলিয়াসও নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন। তাঁরা যেখানে যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের ভিড় জমছে। অনেকেই আবেগে জড়িয়ে ধরে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন।

ইলিয়াস আলীর ব্যক্তিগত সচিব ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক বলেন, ১৩ বছর ধরে বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষ ইলিয়াস আলীর ফেরার অপেক্ষায়। এই নির্বাচনে তাঁর স্ত্রীকে ভোট দিয়ে মানুষ সেই অন্যায়ের জবাব দেবে বলে তিনি মনে করেন।

সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর ছাড়াও চারজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী (দেয়ালঘড়ি), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা) এবং গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য)। স্থানীয়দের ধারণা, এ আসনে তাহসিনা রুশদীরের প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে মুহাম্মদ মুনতাছির আলীর সঙ্গে।