বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের গোলাপগঞ্জে গুলির নির্দেশদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয়সংক্রান্ত তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।

আদালতের আদেশে বলা হয়, তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সরবরাহ না করায় মামলার তদন্ত কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ২০২৪ সালের ২৯ আগস্ট মামলা দায়ের হলেও এখনো তদন্ত শেষ হয়নি। ফলে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। আদালতের নির্দেশনার পরও দীর্ঘদিন তথ্য সরবরাহ না করাকে শাস্তিযোগ্য অপরাধ এবং আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করা হয়।

নোটিশে জেলা প্রশাসককে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে—কেন তার বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, আদালতের শোকজের কথা তিনি শুনেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আদালতে জবাব দেওয়া হবে।