আলোচিত প্রশাসক মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন মাঠ প্রশাসনে কাজ করা এই কর্মকর্তাকে সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তার মাঠ পর্যায়ের সফল অভিজ্ঞতার কারণে।
সিনিয়র সহকারী সচিব থাকা অবস্থায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সারওয়ার আলম ব্যাপকভাবে পরিচিতি পান। তিনি তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে জনসাধারণের প্রশংসা কুড়ান। রাজধানীর রেস্টুরেন্ট, বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে তার পরিচালিত অভিযানগুলোর কারণে তিনি আলোচনায় আসেন।
তবে ২০২০ সালের ৯ নভেম্বর হঠাৎ তাকে র্যাব থেকে সরিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়। এই সিদ্ধান্তে অনেকেই অবাক হন।
দীর্ঘদিন যোগ্যতা থাকা সত্ত্বেও তিনবার পদোন্নতি থেকে বঞ্চিত হন সারওয়ার আলম। এর প্রতিবাদে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা সরকারের পক্ষ থেকে 'অসদাচরণ' হিসেবে গণ্য করা হয়। এর জেরে ২০২২ সালের মে মাসে তাকে 'তিরস্কার' শাস্তি প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়।পরে ২০২৩ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান।
তার দক্ষতা, নিষ্ঠা ও সৎ প্রশাসনিক ভূমিকার কারণে সারওয়ার আলম সাধারণ মানুষের মধ্যে আস্থার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। এবার তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক জেলা সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, তার নিয়োগ সিলেট জেলার উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





