বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি গ্রহণ করেছে।


এয়ারলাইন সূত্র জানায়, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসছেন বিজি-২০২ ফ্লাইটে। ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিট) য়াত্রা শুরু করবে।


বোয়িং উড়োজাহাজে পরিচালিত ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা উদ্দেশে রওনা হবে এবং বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।


বিমান কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চপর্যায়ের যাত্রী থাকায় ফ্লাইটটির ওপর বাড়তি নজরদারি রাখা হয়েছে। ফ্লাইট অপারেশন কন্ট্রোল, কেবিন সার্ভিস, গ্রাউন্ড হ্যান্ডলিং ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পুরো অপারেশন পরিচালিত হচ্ছে। এছাড়া শেষ মুহূর্তেও কেবিন ক্রু ডিপ্লয়মেন্টে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।


ঢাকায় থাকবেন কক্সবাজারের প্রায় ২০ হাজার বিএনপি নেতাকর্মী। এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ব্যতীত দর্শনার্থী ও স্বজনদের টার্মিনালে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। বিমানবন্দর নির্বাহী পরিচালক জানান, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তার কারণে যাত্রীসেবা, টার্মিনালের শৃঙ্খলা এবং এয়ারসাইড কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সম্ভাব্য যানজটের কথা বিবেচনা করে বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৫ ডিসেম্বর ভ্রমণকারী দেশি-বিদেশি যাত্রীদের আগে বিমানবন্দরে পৌঁছাতে পরামর্শ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর এলাকা, এয়ারপোর্ট রোড, গুলশান সংযোগ সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে জনসমাগম বাড়তে পারে, যা সড়ক চলাচলে প্রভাব ফেলতে পারে।


এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, ব্যস্ত সকালের অ্যারাইভাল ব্যাংকের সঙ্গে ফ্লাইটের আগমনের মিলিত হওয়ায় এয়ার ট্রাফিক সার্ভিস, অ্যাপ্রন ব্যবস্থাপনা, টার্মিনাল অপারেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তাৎক্ষণিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপ্রন নিরাপত্তা, যাত্রী প্রক্রিয়াকরণ এবং নিয়মিত ফ্লাইট চলাচল বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে।


বিমানবন্দর সূত্র জানিয়েছে, অবতরণের পর তারেক রহমান সড়কপথে পূর্বাচলে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং পরে গুলশানের দিকে চলে যাবেন। যদিও পরবর্তী যাতায়াত বিমানবন্দরের নিয়ন্ত্রণের বাইরে, তবু অন্যান্য এয়ারলাইনের ফ্লাইটে বিঘ্ন না ঘটাতে সর্বোচ্চ সতর্কতা রাখা হচ্ছে।