কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, রোববার (১৩ এপ্রিল) রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে তারা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় বিএসএফ তাদের আটক করে।


আটক ব্যক্তিরা হলেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া।


পরিবারের দাবি, সোহাগ মিয়া কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে সোমবার সকালে তারা জানতে পারেন, তিনি ভারতে আটক হয়েছেন। কী কারণে তিনি সীমান্ত অতিক্রম করেছিলেন, তা তারা জানেন না।


নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই উপজেলার দুই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে গেলে বিএসএফ তাদের আটক করে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।


এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং আটক দুই বাংলাদেশিকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।