মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) মারা গেছেন। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা শওকত আলী।


\r\n

শওকত আলী জানান, হুজাইফার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে এবং তিনি সবার কাছে তার ভাতিজার জন্য দোয়া কামনা করেছেন।

\r\n

হুজাইফা আফনান ১১ জানুয়ারি সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হন। তিনি স্থানীয় জসিম উদ্দিনের কন্যা।

\r\n

ঘটনার পরপরই তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। দুই দিন পর, ১৩ জানুয়ারি বিকেলে মস্তিষ্কে বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

\r\n

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ তখন জানিয়েছিলেন, অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে গুলিটি মস্তিষ্ক থেকে বের করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমাতে প্রয়োজনীয় চিকিৎসা চলছিল।

\r\n

হুজাইফার মৃত্যুর খবরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় শোকের ছায়া নেমেছে।