সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে ৩০ নভেম্বর ২০২৫, রবিবার কলেজের হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, স্নাতক ডিগ্রি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে কলেজের হলরুম উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে হলে নিয়মিত অধ্যয়ন, আত্মনিয়োগ এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ইভা রায়। তিনি বিভাগীয় ঐতিহ্য, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার বিষয়টি তুলে ধরে বলেন,
“ইংলিশ ডিপার্টমেন্ট সবসময় শিক্ষার্থীদের সৃজনশীলতা, ভাষা দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”
অনুষ্ঠানে স্নাতক ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীদের ক্রেস্ট, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শিক্ষকরা তাঁদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা করেন। নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্বে বিভাগের কার্যক্রম, সুযোগ-সুবিধা, ক্লাসরুটিনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
শেষে অনুষ্ঠিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা সমন্বিতভাবে আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেন।





