গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১২ এপ্রিল) পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা যায়, বামনডাঙ্গা শিশু নিকেতন স্কুলের শিক্ষার্থীরা মেলায় একটি স্টলে তাদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছিল। এ সময় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ওই স্টলে এসে এক ছাত্রীকে মোবাইল নম্বর ও ফেসবুক আইডি দিতে বলে। তবে ছাত্রীটি তা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ৫-১০ জন শিক্ষার্থী বামনডাঙ্গা শিশু নিকেতন স্কুলের শিক্ষার্থীদের পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা শিক্ষার্থীদের মারধর করে এবং তাদের সঙ্গে থাকা বিজ্ঞান প্রজেক্ট ভাঙচুর করে।
এ ঘটনায় এক নারী শিক্ষার্থী আহত হয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিস ইফফাত জাহান তুলি।
এ বিষয়ে বামনডাঙ্গা শিশু নিকেতন বিদ্যালয়ের পরিচালক মোঃ নুর আলম ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





