আগামী জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সঠিক ও সুষ্ঠু হবে—এমন পরিস্থিতি বর্তমানে নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

\r\n

রোববার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ঐকমত্য কমিশন’-এর সঙ্গে সংলাপের শুরুতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

\r\n

সম্প্রতি বিভিন্ন এলাকায় সংঘাত-সহিংসতার ঘটনা তুলে ধরে ডা. তাহের বলেন, “এরই মধ্যে নানা সমস্যা দেখা দিচ্ছে। পাবনায় জামায়াতের নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এখনো নির্বাচন ঘোষণা হয়নি, এর আগেই শুরু হয়েছে এলাকা দখলের চেষ্টা। এ অবস্থায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। যা যা করা দরকার, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

\r\n

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত নেতা। তিনি বলেন, “ইসির কিছু ভূমিকা এখনই প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। সরকার যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে।”

\r\n

নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি না থাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। “বেশি সময় নিলে সংকট বাড়বে। তাই সংস্কার নিয়ে দ্রুত একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে,”—বলেন ডা. তাহের।

\r\n

তৃতীয় দফায় অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডা. তাহের। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন ও নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।