ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের বহুল আলোচিত নির্যাতন মামলার অন্যতম অভিযুক্ত নুরজাহান খানম শান্তাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে দায়িত্ব পেতে যাচ্ছেন।

জানা যায়, ২০০২ সালে গভীর রাতে শামসুন্নাহার হলের সাধারণ ছাত্রীদের মারধর করে পুলিশে সোপর্দ করার অভিযোগ ওঠে তৎকালীন ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় ব্যাপক ছাত্র আন্দোলন। সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র নির্দেশে পরিস্থিতি সামাল দিতে নানা পদক্ষেপ নেওয়া হয়। ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হন। পাশাপাশি শামসুন্নাহার হল শাখা ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

ঘটনার সময় নুরজাহান খানম শান্তাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা তৈরি হয়, এবং তাকে নিয়ে “পিস্তল শান্তা” নামেও নানা বিতর্ক ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সম্ভাবনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। তবে তিনি বর্তমানে অর্থবিভাগের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন বলে জানা যায়।

নাম প্রকাশে অনেকেই বলছেন, অতীতের বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে তা জনমনে প্রশ্ন তৈরি করতে পারে। অন্যদিকে, সংশ্লিষ্ট মহল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যার দাবি উঠেছে।