সেঞ্চুরির স্বপ্ন নিয়ে গতকাল (৩ নভেম্বর) দিনের খেলা শেষ করেছিলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে তিনি ৯৩ রানে অপরাজিত ছিলেন। আজ (৪ নভেম্বর) সকালে মাঠে নেমে তিনি দীর্ঘ প্রতীক্ষিত সেঞ্চুরি সম্পন্ন করেন।
তবে মুশফিকের উদযাপনও ছিল চোখে পড়ার মতো। বোলার এনামুল হকের ওপর বাউন্ডারি হাঁকানোর সঙ্গে সঙ্গে তিনি মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে হুঙ্কার ছুড়েন এবং কিছুক্ষণ চোখে আগুন নিয়ে বোলারদের দিকে তাকান। জাতীয় লিগে মুশফিকের এই খ্যাপাটে উদযাপন আগেও দেখা গেছে, তবে এবার তা আরও চোখে পড়ল।
ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সব ঠিক থাকলে মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) তিনি সেই প্রস্তুতি দারুণভাবে নিচ্ছেন।
গতকাল (৩ নভেম্বর) দিন শেষে সিলেট ৭ উইকেটে ২৬০ রান তুলেছিল। ৩ উইকেট হাতে থাকাকালীন মুশফিকরা ৫০ রানে পিছিয়ে ছিল। প্রথম ইনিংসে ঢাকা বিভাগ সব উইকেট হারিয়ে ৩১০ রান করেছিল। আজ (৪ নভেম্বর) সকালে খেলতে নেমে মুশফিকদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দিনের দ্বিতীয় ওভারে আউট হন এবাদত হোসেন, এক ওভার পর সাজঘরে ফেরেন দশে নামা খালেদ আহমেদও।
মুশফিক তখনও ৯৬ রানে অপরাজিত ছিলেন। পেসার এনামুলের ওভারের দ্বিতীয় বলেই তিনি স্কুপ শটে বাউন্ডারি হাঁকান এবং সঙ্গে সঙ্গে আগ্রাসী উদযাপন করেন। আগের দিন এনামুল বেশ কয়েকটি বাউন্সার করেছিলেন, যার একটি হেলমেটেও আঘাত করেছিল—সম্ভবত সেটিই ছিল উদযাপনের পিছনের কারণ।
\r\n\r\n\r\n\r\n\r\n
শেষ পর্যন্ত ৮ চার ও ২ ছক্কায় ২০৫ বল খেলে ১১৫ রানে আউট হন মুশফিক। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই সিলেটের ইনিংস শেষ হয় ২৯০ রানে। ঢাকা বিভাগ ২০ রানের লিড নেয়।





