দিনাজপুরের পার্বতীপুরে সেনাকল্যাণ সংস্থার মালবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। অভিযুক্তের নাম তারিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের বাসিন্দা ও মৃত মাহমুদুল সরকারের ছেলে। নিজেকে এনসিপির পার্বতীপুর উপজেলা শাখার মুখ্য সংগঠক বলে দাবি করেন তিনি।

\r\n

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার মহেশপুর গ্রামের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

\r\n

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাপ) সম্প্রতি টেন্ডারের মাধ্যমে সংগ্রহ করে সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর এসব মালামাল বহনকারী দুটি ট্রাক কয়লাখনি এলাকা থেকে বের হওয়ার পর রাত পৌনে ৮টার দিকে রসুলপুর এলাকায় পৌঁছালে তারিকুল ও তার সঙ্গীরা ট্রাক থামিয়ে চাঁদা দাবি করে।

\r\n

খবর পেয়ে পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তারিকুলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। তার সহযোগীরা এ সময় পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও র‍্যাব-১৩’র একটি দল তাকে রাত ১০টার দিকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে।

\r\n

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

\r\n

ঘটনার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।