সেনাবাহিনীর উচ্চপদে আরও ছয়জন কর্মকর্তা বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।
নতুন আদেশ অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট করা হয়েছে।
মেজর জেনারেল নাসিম পারভেজকে মেলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে। সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মেলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট করা হয়েছে। এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারির আদেশে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার স্থলে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান দায়িত্ব নেন।





