ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গন্তব্যে পরিবর্তন এসেছে। পূর্বঘোষিত শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউয়ের পরিবর্তে এবার পদযাত্রার শেষ গন্তব্য নির্ধারণ করা হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ।

\r\n

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচি আগামী ১২ এপ্রিল, শুক্রবার অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল, বুধবার আয়োজক সংগঠনটি তাদের ফেসবুক পেজে গন্তব্য পরিবর্তনের বিষয়টি জানায়।

\r\n

আয়োজকদের দাবি, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে ঢাকায় এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় জনসমাবেশ। দল-মত-ধর্ম নির্বিশেষে দেশবাসীকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

\r\n

এদিকে, কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা ভিডিও বার্তা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন—দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

\r\n

তাদের অনেকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও এই কর্মসূচির প্রচার চালিয়ে যাচ্ছেন। ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এক ভিডিও বার্তায় বলেন, “১২ এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে এই মার্চ শেষ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। ইনশাআল্লাহ, আমিও সশরীরে উপস্থিত থাকব। আপনারাও সকলে অংশগ্রহণ করুন।”

\r\n

এই প্রতিবাদ সমাবেশে দেশজুড়ে সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।