দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
\r\nরোববার (২৫ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
\r\nনিষেধাজ্ঞার আওতায় পড়েছেন সাবের হোসেন চৌধুরীর স্ত্রী রেহানা চৌধুরী, দুই ছেলে হামদান হোসেন চৌধুরী ও আরজ আলম চৌধুরী এবং দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরী।
\r\nদুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে’ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এই নিষেধাজ্ঞার আবেদন করেন।
\r\nআবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা যে কোনো সময় দেশত্যাগ করে পালাতে পারেন অথবা তাঁদের সম্পদ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন। এ পরিস্থিতিতে তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁদের বিদেশযাত্রা স্থগিত করা প্রয়োজন।





