সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা এবং তাঁর স্ত্রীকে শেরপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার বিকালে শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিস থেকে তাদের আটক করা হয়।
\r\nপুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জমি বিক্রির সময় সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় স্থানীয় ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান।
\r\nআটককৃতদের শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে। তবে ঠিক কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
\r\nরেজাউল করিম হীরা ১৯৯১ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। পরে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিএনপির সিরাজুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদে গঠিত মন্ত্রিসভায় তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
\r\n২০১৪ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে পরাজিত করে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
\r\n২০১৮ সালের নির্বাচনেও তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তবে দলীয় সিদ্ধান্তে পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন।
\r\nএই ঘটনার পর শেরপুরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।







