৩৫ বছরের দীর্ঘ অপেক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন। এবারের নির্বাচন হবে স্বচ্ছ ব্যালট বাক্সে, যা রাকসু নির্বাচনের ইতিহাসে একটি নতুন সংযোজন। শুরুতে ইস্পাতের ব্যালট বাক্স ব্যবহারের সিদ্ধান্ত থাকলেও, শেষ মুহূর্তে তা পরিবর্তন করে স্বচ্ছ বাক্স ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. সেতাউর রহমান জানান, স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণের সিদ্ধান্ত এখন কার্যকর করার পথে রয়েছে। তার ভাষায়, শুরুতে ইস্পাতের বাক্সের পরিকল্পনা ছিল, তবে পরবর্তী আলোচনায় স্বচ্ছ বাক্স ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
একইদিনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের দাবিগুলো নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে বিবেচনা করছে। যদিও তারা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়েছে, যা বাস্তবায়নে নানা জটিলতা রয়েছে এবং অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এর সীমাবদ্ধতা দেখা গেছে। তবে বাকি দাবিগুলোর বিষয়ে নির্বাচন কমিশন আন্তরিকভাবে পদক্ষেপ নিচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।
এবারের রাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। কেন্দ্রীয় রাকসু ও সিনেট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৬ জন প্রার্থী এবং হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৬০০ জন।
সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে। ভোটগ্রহণ শেষে সেদিন রাতেই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।





