স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে United Nations Development Programme (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডের সরকারি বাংলোতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি ও পুনর্গঠনে ইউএনডিপির সহযোগিতা কামনা করেন তিনি।
ইউএনডিপির পক্ষ থেকে পুলিশ সংস্কার ও জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। সংস্থাটি দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করছে বলেও উল্লেখ করা হয়।
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এটি সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। একইভাবে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশও পর্যালোচনা শেষে সংসদে তোলা হবে বলে জানান তিনি।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদারের বিষয়েও প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





