ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার এক্তিয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম।

পুলিশ জানায়, মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি পোস্ট করেন।

এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।