পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বোতলজাত পানি বিতরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, বিতরণ করা পানির বোতলের মেয়াদ প্রায় এক বছর আগেই শেষ হয়ে গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কীভাবে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সরবরাহ করা হলো—তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি খেয়াল করেননি, নাকি দেখেও অবহেলা করেছেন—তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।
সচেতন মহলের মতে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানে এ ধরনের অবহেলা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে অনুষ্ঠানের আয়োজকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।





