প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি জমা দিতে যমুনায় গেছে জামায়াতে ইসলামীসহ ৮টি দলের প্রতিনিধি দল। নির্বাচনের আগে তারা পাঁচটি দাবিতে স্মারকলিপি দিচ্ছে, যার মধ্যে রয়েছে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন থেকে মিছিল শুরু করে দলটির নেতা-কর্মীরা মৎস্য ভবন মোড় পর্যন্ত পৌঁছান। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ৯ সদস্যের প্রতিনিধি দলটি স্মারকলিপি নিয়ে যমুনায় প্রবেশ করে।
প্রতিনিধি দলে ছিলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এবং কাকরাইল মোড়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জেলার নেতা-কর্মীরা জড়ো হন। সকাল ১০টা থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসেন তারা।





