সুন্দরবনের বদলে এবার কলকাতার রাস্তায় বাঘ দেখা মিলেছে-কিন্তু সেটি বাস্তব নয়। হইচই-এর প্রকাশ করা একটি এআই ভিডিওতে এমন দৃশ্য দেখানো হয়েছে, যা নতুন সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি: দ্য রয়েল বেঙ্গল রহস্য’ প্রচারের জন্য তৈরি করা। ভিডিওতে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি বাঘ, আর শেষে দেখা যায় ফেলুদা সেই রহস্য সমাধানের প্রস্তুতি নিচ্ছেন।
সিরিজটি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।
আগের সিনেমা সংস্করণে ফেলুদা ছিলেন সব্যসাচী চক্রবর্তী, যেখানে পরিচালনা করেছিলেন সন্দীপ রায়। এবার গল্পটি ওটিতে নতুনভাবে তৈরি হয়েছে। নতুন সিরিজে ফেলুদা চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, জটায়ু চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, তোপসে চরিত্রে কল্পন মিত্র, আর মহীতোষ সিংহ রায় চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী।
সিরিজের শুটিং হয়েছে উত্তরবঙ্গের চালসা জঙ্গলে।
আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি আর ফেলুদা সিরিজ তৈরি করবেন না। এরপর ভক্তদের হতাশ করলেও পরে ঘোষণা আসে যে ফ্র্যাঞ্চাইজি থামবে না, শুধু পরিচালক পরিবর্তিত হবে। এবার পরিচালকের দায়িত্বে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
প্রথম সিরিজটি তাঁর হাত ধরে কেমন হবে, তা জানা যাবে ২৪ ডিসেম্বর।
সূত্র: আজকাল





