২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা ও এতে সহযোগিতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ৩২ লাখ ৭৫ হাজার টাকা) পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
এই নির্দেশনা শনিবার (১৮ এপ্রিল) থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে। হজের সময় অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা, কিংবা মক্কা ও আশপাশের পবিত্র এলাকায় অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বৈধ হজ পারমিট বা ভিজিট ভিসা ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই জরিমানা প্রযোজ্য হবে সেইসব ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও, যারা নির্ধারিত সময়ের মধ্যে মক্কায় প্রবেশ বা সেখানে অবস্থান করবেন।
এছাড়া অননুমোদিত হজ পালনে সহায়তা করলে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ভিসা প্রক্রিয়ায় সহায়তা, পরিবহন ব্যবস্থা করা বা হোটেল, অ্যাপার্টমেন্ট কিংবা বাসায় থাকার ব্যবস্থা করে দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর নির্ভর করে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশকারী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি ভবিষ্যতে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দের নির্দেশও দিতে পারে আদালত।
সূত্র: খালিজ টাইমস





