গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
সকালে কারাগার থেকে সিদ্দিককে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ পাহারায় তাকে কাঠগড়ায় তোলা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি সুকৌশলে উপস্থিত থেকে অর্থ যোগান ও পরিকল্পনার মাধ্যমে এ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ জরুরি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু নগরভ্যালির সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। জুমার নামাজের পর গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ বাদী হয়ে ২ জুলাই গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।





