হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকানের বকেয়া টাকা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে পণ্য নেন। পরে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। দোকানদার দাবি করেন, তার কাছে ১৮৫ টাকা পাওনা রয়েছে, তবে ক্রেতা জানান তিনি মাত্র ৩০ টাকা দেনা।
এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হলেও পরে তা উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।





