পারস্য উপসাগরে যুদ্ধের কারণে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তুলেছে। জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর মালিকানাধীন এবং এতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।
মেরিন ট্রাফিকের ওয়েবসাইট অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়েছে এবং বর্তমানে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজটির গতিবেগ ঘণ্টায় ৮.৩০ নটিক্যাল মাইল এবং ড্রাফট ১০.৮০ মিটার।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান প্রথম আলোকে জানিয়েছেন, “সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে আমরা দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিলাম। যুদ্ধবিরতির পর নোঙর তোলা হয়েছে। হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে যাবে। হরমুজ পর্যন্ত ৪২৫ নটিক্যাল মাইল পথ বাকি, যা পার হতে অন্তত ৪০ ঘণ্টা সময় লাগতে পারে।”
বিএসসি সূত্রে জানা গেছে, জাহাজটি ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে।
এরপর ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতের একটি বন্দরে নতুন পণ্য বোঝাই করার পরিকল্পনা থাকলেও, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবেচনায় জাহাজকে আগের অবস্থানে ফিরে যেতে হয়। যুদ্ধবিরতির ঘোষণা পাওয়ার পর এবার আবার হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করেছে বাংলার জয়যাত্রা।





