ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার মধ্যেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করেছে ইরান। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে মাইন বসানোর কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহে উদ্বেগ তৈরি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে যাতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা যায়। মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন বসানো জাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরান যদি প্রণালিতে কোনো মাইন রাখে, তা অবিলম্বে সরাতে হবে। তিনি জানান, তা না হলে তেহরানকে সামরিক পরিণতির মুখে পড়তে হবে।

পেন্টাগন জানিয়েছে, তারা ইরানের মাইন বসানো জাহাজ ও সংরক্ষণাগারকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়, যা ইরানের এ পদক্ষেপকে আরও গুরুত্বপূর্ণ করেছে।