আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুরের আদেশ দেয়। তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা জামিনের এই আদেশের বিরুদ্ধে আপিল করবে।


\r\n

এর আগে গত ২৯ আগস্ট “রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের” অভিযোগে দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। পরে ৪ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিব উল্লাহ পিয়াস তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।


\r\n

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট বেলা ১১টার দিকে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে এক গোলটেবিল বৈঠক চলাকালে লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছিলেন। ওই সময় কয়েকজন উপস্থিত ব্যক্তি “আওয়ামী ফ্যাসিস্ট” বলে স্লোগান দিতে শুরু করলে পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে।


\r\n

জিজ্ঞাসাবাদে লতিফ সিদ্দিকী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষায় জনগণকে সংগঠিত করার লক্ষ্যেই ওইদিন বৈঠকের আয়োজন করা হয়েছিল।


\r\n

তবে তদন্তে পুলিশের দাবি, “মঞ্চ ৭১”-এর ব্যানারে লতিফ সিদ্দিকী প্রকৃতপক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সশস্ত্রভাবে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং উপস্থিতদের উসকে দিচ্ছিলেন। তার উস্কানিমূলক বক্তব্যের কারণেই বৈঠকে বিশৃঙ্খলা দেখা দেয় এবং স্লোগান শুরু হয়।