সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে মহেশপুরগামী একটি নৌকা ঝড়ো বাতাসে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন—সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে শামসুদ্দিন (৫৫) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৭)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নৌকাটিতে সাতজন যাত্রী ছিলেন। ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়। আশপাশে থাকা অন্য নৌকার যাত্রীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। এতে রাধানগর গ্রামের রিপন মড়ল (৪৫), শফিকুল ইসলাম (৫০), কান্দাপাড়ার বাবুল মিয়া (৪৫) ও তার মেয়ে ইসরাত (১০) এবং একই গ্রামের হামিম (১০) নিরাপদে উদ্ধার হন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযান চলছে।
সুনামগঞ্জ প্রতিনিধি







