আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি সেন্টুমার্কেটের সামনে থেকে শুরু হয়ে নিউমাকের্ট, ফুডঅফিস মোড়, ঢাকা বাসস্ট্যান্ড, বিশ্বরোড, হরিপুর, বটতলা হাট, নতুনহাট, টিকরামপুর, শান্তিমোড়সহ চাঁপাইনবাবগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে জামায়াত নেতা বুলবুল বলেন, আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জকে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।





