ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ২৪ টাকা, দিনে এক প্যাকেট বিস্কুট খেয়ে দিন কাটিয়েছেন তিনি। বলিউডে কারও পরিচিতি বা প্রভাব না থাকা সত্ত্বেও ধাপে ধাপে জায়গা করে নিয়েছেন অভিনয়ে। চেহারায় তথাকথিত নায়কোচিত আভা না থাকলেও এখন তিনি হিন্দি সিনেমার পরিচিত মুখ। তিনি রাজকুমার রাও। আজ শনিবার (৩১ আগস্ট) এই অভিনেতার জন্মদিন।

মুম্বাইয়ে আসা ছিল তাঁর জন্য ভীষণ কঠিন। রাজকুমার রাও নিজেই বলেছেন, “অনেক দিন এমন গেছে, যখন ব্যাংকে মাত্র ১৮ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ টাকা) ছিল। এক প্যাকেট পারলে-জি বিস্কুট খেয়েই টিকে থাকতে হয়েছে।”

দিবাকর ব্যানার্জির আলোচিত ছবি লাভ, সেক্স অউর ধোঁকা দিয়েই বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর গ্যাংস অব ওয়াসেপুর ২ ও তালাশ-এ ছোট চরিত্রে অভিনয় করেও নজর কাড়েন। কিন্তু কাই পো চে, সিটিলাইটস ও শহীদ তাঁকে এনে দেয় অভিনেতা হিসেবে স্বীকৃতি। বাণিজ্যিক থেকে শৈল্পিক—দুই ধারার সিনেমাতেই সমান দক্ষতায় অভিনয় করে আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি।

সংগ্রামী সেই শুরু থেকে আজকের সফলতা—রাজকুমার রাওয়ের জীবন যেন এক অনন্য প্রেরণার গল্প।