ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চোখ খোলা, মাথায় ব্যান্ডেজ পরা এমন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব ছবি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
সোমবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে মাহমুদা মিতু লেখেন, হাদিকে নিয়ে যেসব তথ্য ও ছবি ছড়ানো হচ্ছে, সেগুলোর বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি জানান, হাদির মাথার হাড় বর্তমানে খোলা অবস্থায় রয়েছে। মস্তিষ্কে চাপ কমানোর জন্য এ ধরনের অস্ত্রোপচারে হাড় খুলে রাখা হয়, যাকে ডিকম্প্রেশন বলা হয়। ফলে চুল থাকা বা স্বাভাবিকভাবে ব্যান্ডেজ দেওয়া ছবি বাস্তবসম্মত নয়।
তিনি আরও লেখেন, ভয় পাওয়ার কিছু নেই। এর আগেও এমন অস্ত্রোপচারের নজির রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ক্ষেত্রেও মাথার হাড় খুলে রাখা হয়েছিল এবং পরে তা পুনরায় স্থাপন করা হয়। তবে হাদির চোখ খোলা ও মাথায় ব্যান্ডেজ পরা বলে যেসব ছবি ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।
মাহমুদা মিতু বলেন, আগে তিনি ভাবতেন মানুষ সহজেই এসব ভুয়া ছবি শনাক্ত করতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেক শিক্ষিত মানুষও এআই দিয়ে তৈরি ছবি বুঝতে পারছেন না, যা উদ্বেগজনক। সত্য ও মিথ্যার পার্থক্য করতে না পারার বিষয়টি ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে এআই ছবি তৈরি করে ছড়ানো অত্যন্ত দুঃখজনক। হাদির কোনো আইসিইউর ছবি কোনো গণমাধ্যম বা ব্যক্তির কাছে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিগুলো বাস্তব নয়। সবাইকে গুজবে কান না দিয়ে হাদির জন্য, তার পরিবারের জন্য এবং দেশের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।





