হাদি হত্যা মামলায় পরিকল্পনাকারী হিসেবে নাম আসা সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পাসপোর্ট ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক মো. সোহেল রানা এ বিষয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বাপ্পীর বিরুদ্ধে অবৈধভাবে ইটভাটা স্থাপন, দলিল জালিয়াতি, প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে প্রায় ২ কোটি ৫১ লাখ টাকা মানিলন্ডারিংয়ের প্রমাণ তদন্তে পাওয়া গেছে। এ ঘটনায় ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গত ৫ মার্চ পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, মামলার আসামি বর্তমানে পলাতক থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাসপোর্ট ব্লক করা প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
সংবাদ লোড হচ্ছে...





