ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল-কে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ শুনানি করেন। তদন্তে জানা গেছে, হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি নরসিংদী থেকে উদ্ধার করা হয় এবং মাইক্রো অ্যানালাইসিসে এর সিরিয়াল নম্বর শনাক্ত হয়। ২০১৭ সালে আমদানি করা অস্ত্রটি রাজধানীর একটি দোকান থেকে পর্যায়ক্রমে বিক্রি হয়ে চট্টগ্রামে হেলালের মালিকানাধীন প্রতিষ্ঠানে পৌঁছায়। তবে লাইসেন্স নবায়ন ছাড়াই অস্ত্রটি কেনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পুলিশ বলছে, এই অস্ত্র কীভাবে হত্যাকাণ্ডে জড়িতদের হাতে পৌঁছায় তা জানতে হেলালকে জিজ্ঞাসাবাদ জরুরি। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে গুলি হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ঘটনার পর দায়ের করা মামলাটি পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়।
সংবাদ লোড হচ্ছে...





