ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার বিকেলে তিনি এ তথ্য জানান।


ডিএমপি কমিশনার বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।


ওসমান হাদির ওপর গুলি চালানোদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কমিশনার জানান, পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও র‌্যাবসহ সব প্রাসঙ্গিক সংস্থা অভিযান চালাচ্ছে।


শুক্রবার দুপুরে মোটরসাইকেলে থাকা দু’জন অস্ত্রধারী রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।


মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হাদির সঙ্গে আরও একজন রিকশায় ছিলেন। কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগী দুই ব্যক্তি এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে এবং একাধিক টিম কাজ করছে।


ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ জানিয়েছেন, হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি এখন কোমায় আছেন।


ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢামেক হাসপাতালে জড়ো হয়েছেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে উপস্থিত হয়েছেন। হাসপাতালের সামনে তারা হামলাকারীদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন।