ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিঙ্গাপুরেই তার ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী অপারেশনের অনুমতি দেওয়া হয়েছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে হাদির শারীরিক অবস্থা কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের উপযোগী নয়। এ কারণে সিঙ্গাপুরেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
পোস্টে জুমা লেখেন, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অপারেশন ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তবে অস্ত্রোপচার হলেও সফলতার সম্ভাবনা খুবই সীমিত বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি হাদির সুস্থতার জন্য সবার দোয়া চান।
একই পোস্টে তিনি উল্লেখ করেন, হাদির কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং দায়ীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের কথাও জানান।
হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে তার সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে দোয়ার আহ্বান জানানো হচ্ছে।





