পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বাংলাদেশ জাতীয় সংসদের নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। পাকিস্তান জাতীয় পরিষদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজগুলিতেও এ খবর পোস্ট করা হয়েছে।
চিঠিতে দু’দেশের দীর্ঘমেয়াদি বন্ধনের কথা তুলে ধরে আয়াজ সাদিক উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণ ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের মাধ্যমে সংযুক্ত। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান নেতৃত্ব দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পাকিস্তানের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সংসদীয় সম্পৃক্ততা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।





