হাবিপ্রবি প্রতিনিধি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি মেসে সমকামী অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় হ্যাভেন সিটি নামের মেসে হাফিজ (কৃষি অনুষদ, ২১ ব্যাচ) ও অপূর্ব (উচ্চ মাধ্যমিক শেষ, ভর্তি প্রস্তুতি নিচ্ছে) নামের দুই শিক্ষার্থীকে সমকামী আচরণে দেখা যায়। মেসের অন্য শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে জানান। পরে কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে।


জানা গেছে, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী অপূর্ব বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর আত্মীয়।


পরবর্তীতে ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান, সহকারী পরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামউদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহার উপস্থিতিতে শিক্ষার্থীদের পুলিশে হস্তান্তর করা হয়। প্রক্টর জানান, “অপূর্ব বিষয়টি স্বীকার করেছে। হাফিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


প্রশাসন জানিয়েছে, দুই শিক্ষার্থীকে সাময়িক শাস্তি দেওয়া হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীদের ধারণা, দীর্ঘমেয়াদী শাস্তি প্রয়োগ করলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।


এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমকামিতা বিষয়ক একটি কমিউনিটি গ্রুপের সন্ধান পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রুপের অ্যাডমিন শনাক্তের চেষ্টা করছে এবং পুলিশি সহায়তা নিয়েছে।


বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে এবং প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান করা হচ্ছে।