চাঁদপুর জেলা প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে শুটিং ইউনিট। “লক্ষীসোনা বউ” গানের শুটিংয়ের উদ্দেশ্যে গত ১০ মার্চ ২০২৬ তারিখে ঢাকা থেকে ৫২ জনের একটি শুটিং টিম নীলকমল ইউনিয়নে যায়।

 তাদের সঙ্গে স্থানীয় আরও প্রায় ১০ জন সাপোর্টিং সদস্য যুক্ত ছিলেন। ১০ তারিখ থেকেই শুটিং সেট তৈরির কাজ শুরু হয় এবং ১২, ১৩ ও ১৪ মার্চ শুটিং করার পরিকল্পনা ছিল। এই মিউজিক ভিডিওতে বাংলাদেশের একজন মডেলের সঙ্গে জুটি বেঁধে কাজ করছিলেন নেপালের এক অভিনেত্রী।

অভিযোগ অনুযায়ী, ১২ মার্চ বিকেলে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল ভুইয়া তার দলবল নিয়ে শুটিং সেটে এসে শুটিং বন্ধ করার হুমকি দেয় এবং প্রজেক্টের ডিরেক্টর ও প্রডিউসার জেএস জিসানের কাছে ১ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় কয়েকজনের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

এরপর ইফতারের সময় শুটিং ইউনিটের কয়েকজন সদস্যকে স্থানীয় একটি ক্লাবে ডেকে নেওয়া হয়। সেখানে ইউনিয়ন বিএনপির নেতা নাসির উদ্দীন মোল্লার নেতৃত্বে শুটিং ইউনিটের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। হামলায় শুটিং ইউনিটের প্রায় ১২–১৫ জন সদস্য আহত হন এবং ডিরেক্টর ও প্রডিউসার জেএস জিসান গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা গেছে, শুটিংটি জেএস জিসানদের নিজস্ব জমিতে করা হচ্ছিল। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলে তারা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিলেও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে আপাতত থানায় অভিযোগ না করার অনুরোধও জানান।

এদিকে ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ঘটনার পর শুটিং কার্যক্রম বন্ধ করে পুরো ইউনিট ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়। এতে প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনারর পর থেকে স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।