সারাদেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪২ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন আক্রান্তদের মধ্যে একজন ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছেন। বাকি আক্রান্তরা উপসর্গের ভিত্তিতে শনাক্ত করা হয়েছে।

একই সময়ে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে একজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়, আর বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৭ দিনে সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।