গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য প্রকাশ করা হয়।


মৃতদের মধ্যে ২ জনের ক্ষেত্রে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে।


এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জনে পৌঁছেছে।


এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। তাদের মধ্যে ১০ হাজার ৪৯৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

\r\n\r\n\r\n\r\n\r\n

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।