সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৯৭৪ শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হয়েছে।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এখানে ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ৩৮। চট্টগ্রামে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪ জন এবং খুলনায় ৮২ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

মৃত্যুর বিষয়ে, খুলনায় ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। ঢাকা ও ময়মনসিংহে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১ জন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, ল্যাব পরীক্ষায় ৯২৯ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামে ১১৩ জন এবং নিশ্চিত হামে ১৭ জনসহ মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালের চাপও বেড়ে গেছে। গত ২১ দিনে ৫ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩ হাজার ৩৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।