ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই প্রধান সংগঠকের বড় জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন এবং বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে হাসনাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানান। নির্বাচনের দিন ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন জসিম উদ্দিন। তবে ফলাফল প্রকাশের পর তিনি নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান। ফেসবুকে তিনি লিখেছেন, “আমরা একসঙ্গে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ভাইকে দেবিদ্বার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”


এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই হয়েছে, নেতাকর্মীদের মারধর করা হয়েছে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে।


এদিকে বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “হাসনাত আবদুল্লাহকে বিএনপি জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।”


নির্বাচনের আগে কুমিল্লা-৪ আসনটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ঋণখেলাপি হওয়ার অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ায় দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়।