সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।


বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে তাকে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুর উপস্থিতি থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি জানান, ভিডিওটি নির্বাচনের সময় ধারণ করা হয়েছিল এবং এটি একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে পরবর্তীতে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।



হাসনাত আব্দুল্লাহ বলেন, এ ঘটনার জন্য তিনি নিঃশর্তভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছেন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সচেষ্ট থাকবেন। রাজনৈতিক পরিবেশে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়েও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।


এনসিপির এই নেতা আরও বলেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। তিনি সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে পুনরায় দুঃখ প্রকাশ করেন।