জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

লাইভ ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ জানান, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের তার ব্যক্তিগত ফেসবুক আইডিটি কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর তার কিছু পোস্টের বিরুদ্ধে কপিরাইট ক্লেইম দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে আইডিটি অকার্যকর করা হয়েছে। আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তিগত প্রোফাইল ডিজেবল হওয়ায় এখন থেকে তিনি নিয়মিতভাবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই সক্রিয় থাকবেন। এর আগে পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো।

যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, তার বক্তব্য ও সংবাদ সবার কাছে পৌঁছে দিতে যেন ভেরিফাইড ফেসবুক পেজটি শেয়ার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থানের কারণেই কপিরাইট অভিযোগ তুলে তার ব্যক্তিগত প্রোফাইল ডিজেবল করা হয়েছে বলে তিনি মনে করছেন।