বিএসসি প্রকৌশলীদের ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এ সমর্থন জানিয়ে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের মন্তব্য ছিল “দায়িত্বজ্ঞানহীন”। আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এনসিপিকে বর্জনের হুঁশিয়ারিও দেওয়া হয় এতে।
সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারজিস আলম সমর্থন জানাতে গিয়ে ‘কোটা’ শব্দ ব্যবহার করেছেন এবং হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সংগত বলে আখ্যা দিয়েছেন। কারিগরি ছাত্র আন্দোলন এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, উপসহকারী প্রকৌশলীর দশম গ্রেড কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এ পদে প্রবেশের যোগ্যতা হলো কেবল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
সময়সীমা বেঁধে দিয়ে সংগঠনের নেতারা বলেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীসহ তাদের পরিবার সম্পূর্ণভাবে এনসিপিকে বর্জন করবে।”





