বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। শনিবার (১৯ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন এবং সুস্থতা কামনায় খোঁজখবর নেওয়াদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।”

তিনি আরও লেখেন, “আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।”

ডা. শফিকুর রহমান জানান, তার অসুস্থতার খবর শুনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তি খোঁজ নিয়েছেন ও দোয়া করেছেন। হাসপাতালেই স্বল্প সময়ের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এছাড়াও ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও বিভিন্ন ইসলামি ও জাতীয় দলের নেতারা তার খোঁজ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

সরকারি-বেসরকারি পর্যায়ের ব্যক্তি, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির বলেন, “তাদের ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দান করেন।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি মহান আল্লাহর প্রতি প্রার্থনা করে লেখেন, “রাব্বুল আলামিন যেন তার এই গোলামকে বাকি জীবনে তাঁর পছন্দমতো মানবতার জন্য কাজ করার তাওফিক দান করেন। আমিন।”