জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বিএনপির রাজনৈতিক ইতিহাস, বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিশ্লেষণধর্মী পোস্টে তিনি ১৯৮৬ সালের নির্বাচন বর্জন থেকে শুরু করে ১৯৯১ সালের বিজয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্বগুণ এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেন।
\r\nআসিফ লেখেন, “বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতায় বিএনপি ১৯৮৬ সালের ষড়যন্ত্রমূলক নির্বাচন বর্জন করেছিল। তখন সর্বদলীয় ঐক্যজোটের শপথ ছিল—যারা ওই নির্বাচনে অংশ নেবে, তারা জাতীয় বেইমান হিসেবে বিবেচিত হবে।”
\r\nতিনি স্মরণ করিয়ে দেন, দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে। অথচ সে সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিএনপি নাকি সংসদে ১০টি আসনও পাবে না।
\r\nনিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে আসিফ বলেন, “বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতির মাঠে কিছু সময় কাজ করার সুযোগ হয়েছে। কখনো দাম্ভিকতা দেখিনি, তিনি সবসময় আত্মবিশ্বাসী ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর যখন দল বিপর্যস্ত, তখন তিনি তরুণ নেতৃত্বকে নিয়ে দলকে এগিয়ে নেন।”
\r\nতবে বর্তমান বিএনপির প্রতি সতর্কবার্তা দিয়ে আসিফ লেখেন, “এখন চারদিকে শুধু বিএনপি আর বিএনপি। হাসিনা স্টাইলে দাম্ভিকতার ফাঁদে পড়েছে দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা চার কোটি তরুণ ভোটারের মন বুঝতে ব্যর্থ হচ্ছে। চলছে ‘শো-ডাউন’ কালচার।”
\r\nআসিফ বিএনপিকে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “১৯৯১ সালের নির্বাচনের আলোকে বিএনপিকে এখন আরও সচেতন হতে হবে। দাবার ঘুঁটি পাল্টে যেতে পারে—এটাই এক ভোটের গণতন্ত্র। অতিরিক্ত আত্মবিশ্বাস সাময়িক সফলতা এনে দিলেও দীর্ঘমেয়াদে তা ক্ষতি বয়ে আনে।”
\r\nপোস্টের শেষাংশে তিনি জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লেখেন, “বাংলাদেশি জাতীয়তাবাদ অমর হোক। ভালোবাসা অবিরাম…”
\r\nএই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।





