আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার হারাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের আরও নয়জন সদস্য। তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ থাকায় প্রবাসে থেকেও ভোট দিতে পারবেন না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না।”

কারা ভোটাধিকার হারালেন

ইসির তথ্য অনুযায়ী, শেখ পরিবারের যেসব সদস্য এনআইডি লক থাকার কারণে ভোট দিতে পারবেন না:

শেখ হাসিনা

সজীব ওয়াজেদ জয়

সায়মা ওয়াজেদ হোসেন

শেখ রেহানা

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক

আজমিনা সিদ্দিক

শাহিন সিদ্দিক

বুশরা সিদ্দিক

রাদওয়ান মুজিব সিদ্দিক

তারিক আহমেদ সিদ্দিক

কীভাবে প্রবাসে ভোট

ইসি সচিব জানান, প্রবাসে থেকে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর ব্যবহার করে। পাসপোর্ট দিয়ে তা সম্ভব নয়। তাই যাদের এনআইডি লক আছে তারা নিবন্ধন করতে পারবেন না।

তিনি বলেন, “মামলার কারণে বা অন্যভাবে বিদেশে থাকা কারও ভোট দেওয়ায় সমস্যা নেই, তবে শর্ত হলো—তাঁদের এনআইডি আনলক থাকতে হবে।”

পটভূমি

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বিভিন্ন দেশে চলে যান।